
শিল্প ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র—শ্রদ্ধেয় মৃণাল সরকার। তিনি কেবল একজন খ্যাতিমান আলোকচিত্রীই ছিলেন না; একাধারে ছিলেন অনবদ্য বাচিক শিল্পী, নিপুণ চিত্রশিল্পী, চলচ্চিত্রপ্রেমী এবং একজন দূরদর্শী সংগঠক। আজ ১৪ জুলাই, এই মহান শিল্পীর প্রয়াণ দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তাঁর বর্ণাঢ্য জীবন ও অসামান্য কীর্তিকে।
আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ বাংলাদেশের আলোকচিত্র জগতে মৃণাল সরকার এক অবিস্মরণীয় নাম। ১৯৮৩ সালের ১১ই মার্চ চট্টগ্রাম আর্ট কলেজের তৎকালীন ছাত্র মউদুদুল আলমকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম বৃহৎ আলোকচিত্র সংগঠন 'চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি (সিপিএস)'। তিনি ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মউদুদুল আলম ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। একঝাঁক তরুণ স্বপ্নবাজ আলোকচিত্রীকে সাথে নিয়ে যে পথচলা তিনি শুরু করেছিলেন, তা আজ এক মহীরুহে পরিণত হয়েছে। তাঁর গড়া এই আঙিনা থেকেই উঠে এসেছেন দেশ-বিদেশের অসংখ্য খ্যাতিমান আলোকচিত্রী, যাঁরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বয়ে এনেছেন অগণিত সম্মাননা।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী কেবল স্থিরচিত্র নয়, সেলুলয়েডের ফিতাতেও ছিল তাঁর অগাধ প্রেম। চট্টগ্রামের প্রথম চলচ্চিত্র সংগঠন 'চট্টগ্রাম চলচ্চিত্র সংসদ'-এর সহ-সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আবৃত্তি শিল্পেও তাঁর অবদান ছিল অসামান্য। চট্টগ্রামের শীর্ষ আবৃত্তি সংগঠন 'বোধন'-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি। তাঁর শৈশবের একটি ঘটনা রীতিমতো বিস্ময়কর! মাত্র পাঁচ-ছয় বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতা আবৃত্তি করে খোদ কবিগুরুর হাত থেকেই তিনি পুরস্কার হিসেবে পেয়েছিলেন 'খাপছাড়া' বইটি। ১৯৫০ সালে কলকাতার ইস্টার্ন রেকর্ডস তাঁর কণ্ঠে কালজয়ী এই কবিতার রেকর্ড প্রকাশ করেছিল।
বর্ণাঢ্য জীবন ও শিল্পের পাঠ ১৯২৮ সালের ১৪ই ফেব্রুয়ারি রংপুরের নবাবগঞ্জ এলাকার কেরানি পাড়ায় এই গুণী শিল্পীর জন্ম। পিতা নগেন্দ্রনাথ সরকার ছিলেন কেরানি পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক। ১৯৪৪ সালে মেট্রিকুলেশন পাসের পর ১৯৪৫ সালে তিনি কলকাতার গভর্মেন্ট স্কুল অব আর্ট অ্যান্ড ক্র্যাফটে ভর্তি হন। সেখানে পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত চিত্র-সাংবাদিক সুনীল জানার কাছে ফটোগ্রাফির প্রথম পাঠ গ্রহণ করেন। এরপর প্রবীণ আলোকচিত্রী রাজেশ মুখোপাধ্যায়ের কাছে নেন নিবিড় তালিম। ১৯৪৮ সালে আর্ট স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভের পর, ১৯৫০ সালে পিতার অকাল মৃত্যুতে পরিবারের হাল ধরতে তাঁকে খুলনায় চলে আসতে হয়। চাকরি নেন স্থানীয় 'ফোকাস' স্টুডিওতে।
পরবর্তীতে, ১৯৫৮ সালে চট্টগ্রামের বন গবেষণা ইনস্টিটিউটে মুখ্য আলোকচিত্রী হিসেবে যোগদানের মাধ্যমে চট্টগ্রামে তাঁর স্থায়ী বসবাস শুরু হয়। চাকরিজীবন থেকে অবসরের পর তিনি চেরাগী পাহাড়স্থ 'লুসাই ভবন'-এ 'আলোকচিত্রম' নামে একটি ফটোগ্রাফিক শিক্ষাকেন্দ্র চালু করেন। পরম সৌভাগ্য যে, আমার মতো অনেকেরই আলোকচিত্রের হাতেখড়ি হয়েছিল এই প্রতিষ্ঠানে, তাঁরই পরম স্নেহের হাত ধরে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও একনিষ্ঠ সংগঠক বাংলাদেশের আলোকচিত্র শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। ১৯৫৪ সাল থেকে তিনি 'পাকিস্তান ফটোগ্রাফি'র সদস্য ছিলেন। ১৯৬৯ সালে লাহোর থেকে শুরু করে কলকাতা, দিল্লি, দমদম এবং গোয়ায় অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে তিনি সগর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৩ ও ১৯৯৪ সালে আইআইপিসি কনফারেন্সে প্রবন্ধ পাঠের মাধ্যমে তিনি বাংলাদেশের সমসাময়িক আলোকচিত্রের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরেন। ১৯৯১ সালে তিনি গোয়ায় আইআইপিসি সনদ ও চণ্ডীগড়ের কনসেপ্ট ফটো-ফোরামের সনদ লাভ করেন।
১৯৮৬ সালে সৃষ্টিশীল আলোকচিত্রীদের নিয়ে তিনি 'ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স (সিপি)' গঠন করেন এবং এর অধীনে ১৯৮৮ সালে ঢাকায় পিএসএ অনুমোদিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্যালন প্রতিযোগিতার আয়োজন করেন। স্যালন চেয়ারম্যান হিসেবে তিনি এই প্রতিযোগিতার মাধ্যমেই পথিকৃৎ আলোকচিত্রী গোলাম কাসেম ড্যাডির নামে পুরস্কার প্রবর্তন করেন। ১৯৮৭ সালে প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেনকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন 'বাংলাদেশ আলোকচিত্র ফেডারেশন', যার লক্ষ্য ছিল দেশের সব ফটোগ্রাফিক সংগঠনকে এক ছাতার নিচে নিয়ে আসা।
অক্লান্ত এক জাত শিল্পী একজন জাত শিল্পী হিসেবে তিনি কখনোই পুরস্কারের পেছনে ছোটেননি, তবুও তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে জাপানে আক্কু (ACCU) আয়োজিত প্রতিযোগিতায় তিনি সম্মানজনক "ওকামাটো" পুরস্কার লাভ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা প্রায় এক হাজার ছবির ফটোগ্রাফি করেছিলেন তিনি। সেখান থেকে বাছাইকৃত ১২৫টি ছবি নিয়ে ১৯৮৫ সালে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হলে এবং মৃত্যুর আগের বছর সিপিএস গ্যালারিতে 'অনন্য রবীন্দ্র' শীর্ষক মাসব্যাপী প্রদর্শনী করে তিনি তাঁর শিল্পীসত্তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
শেষ জীবন ও আমাদের দায় শিল্প আর সংগঠনের পেছনে নিজের উপার্জিত সমস্ত অর্থ, সময় ও শ্রম ব্যয় করা এই মানুষটি পারিবারিক জীবনে ছিলেন চরম উদাসীন। জীবনের শেষ দিনগুলোতে তাঁকে অবর্ণনীয় অর্থকষ্ট ও অমানবিক জীবনযাপন করতে হয়েছে, ছাত্র হিসেবে যার নীরব সাক্ষী আমি নিজেই। অত্যন্ত পরিতাপের বিষয়, এই সমাজ, রাষ্ট্র—এমনকি তাঁর নিজের গড়া সংগঠনগুলোও তাঁকে তাঁর প্রাপ্য মূল্যায়নটুকু করতে ব্যর্থ হয়েছে।
রংপুরে জন্ম নেওয়া বিরল প্রতিভার অধিকারী এই শিল্পী আপন করে নিয়েছিলেন চট্টগ্রামকে। ২০০০ সালের ১৪ জুলাই, ৭৬ বছর বয়সে চট্টগ্রামের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বিশাল কর্মপরিধি ও শিল্পের প্রতি আত্মত্যাগ এই ক্ষুদ্র পরিসরে বলে শেষ করার মতো নয়।
আজ তাঁর প্রয়াণ দিবসে বিনম্র ও গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। মৃণাল'দা, আপনি অনন্তলোকে শান্তিতে থাকুন। আপনার উপযুক্ত মর্যাদা দিতে না পারার ব্যর্থতার জন্য আমাদের ক্ষমা করুন।