
শিল্প অনুরাগী আমাদের সবার প্রিয় মউদুদুল আলম ভাই। চট্টগ্রামে আলোকচিত্র শিল্পকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং এই আন্দোলনকে বেগবান করতে তিনি ছিলেন সম্মুখসারির একজন যোদ্ধা। তার দূরদর্শী নেতৃত্বে এবং ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৮৩ সালের ১১ই মার্চ জন্ম নিয়েছিল আজকের 'চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি' (সিপিএস)। বাংলাদেশের আলোকচিত্রের মহাগুরু, আলোকচিত্র আচার্য মঞ্জুরুল আলম বেগের যোগ্য উত্তরসূরি হিসেবে এবং তার পরামর্শেই মউদুদ ভাই চট্টগ্রামে এই সংগঠন গড়ার উদ্যোগ নেন। সে সময় তিনি চট্টগ্রামের একঝাঁক শিল্পবোদ্ধা ও গুণী মানুষকে এই মহৎ উদ্দেশ্যে একই সুতায় গেঁথেছিলেন। প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি সাথে পেয়েছিলেন মৃণাল সরকার, মর্তুজা তৌফিকুল ইসলাম, প্রফেসর আবদুল মান্নান, ডা. মইনুদ্দিন, ডা. আবু নাসির, নাজমা আরা বেগম, প্রফেসর আনসার আলী, শওকত ইসলাম, সেলিম হাসান, মইনুল রিফাতসহ আরও অনেক নিবেদিত প্রাণ মানুষকে। এর কয়েক মাস পরেই সেলিম হাসান ও মমিনুল হকের অনুপ্রেরণায় আমি নিজে এই সংগঠনের সাথে যুক্ত হই। তখন আমাদের সাথে সহযাত্রী হিসেবে যোগ দিয়েছিলেন আতিক ভাই, তপন শীল, শ্যামল দত্ত, চিত্র সাংবাদিক দেব প্রসাদ দাস দেবু, শিল্পী মইনুল আলম, প্রফেসর ইয়ার মোহাম্মদ, প্রফেসর বেনজীর আহমেদ, শাহেদ কাদেরী ও আমিন কাদেরীসহ আরও অনেকে। সে সময় সোসাইটির নিজস্ব কোনো কার্যালয় ছিল না। চারুকলা কলেজের বারান্দাই ছিল আমাদের মিলনমেলা। ছুটির দিনগুলোতে সেখানে আমাদের মাসিক সভা অনুষ্ঠিত হতো। একদল শৌখিন ও পেশাদার আলোকচিত্রীর সেই আড্ডাগুলো ছিল অফুরন্ত আনন্দ ও শেখার উৎস। সংগঠনের শুরুতে মৃণাল সরকার সভাপতি এবং মউদুদ ভাই মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। মউদুদ ভাই আলোকচিত্রকে ভালোবেসে চট্টগ্রামের প্রতিটি প্রান্তে এর চর্চা ছড়িয়ে দিতে যে প্লাটফর্মটি তৈরি করেছিলেন, তা ছিল সময়ের দাবি। আজ যদি সেই ভিতটি রচিত না হতো, তবে চট্টগ্রামে আলোকচিত্র শিল্পের এই সুবিশাল বিস্তার এবং এত গুণী আলোকচিত্রীর আত্মপ্রকাশ হয়তো সম্ভব হতো না। বর্তমানে সহস্রাধিক সদস্যের এই প্রাণবন্ত পদচারণাই প্রমাণ করে যে মউদুদ ভাই একজন সার্থক কারিগর। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি মউদুদুল আলম ভাইয়ের ব্যক্তিগত অর্জনও ঈর্ষণীয়। বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাসে প্রথম ফিয়াপ (FIAP) অনুমোদিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি স্যালন সেক্রেটারীর গুরুদায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া 'সেন্টার ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিজ্যুয়াল আর্টস' (CPVA) গঠন এবং এর চেয়ারম্যান হিসেবে তার অবদান অনস্বীকার্য। তার লেখা গ্রন্থ "আজকের ফটোগ্রাফী" আজও এ দেশের আলোকচিত্র প্রেমীদের কাছে একটি দিকনির্দেশনামূলক বই হিসেবে সমাদৃত। মউদুদুল আলম ভাইয়ের এই অগ্রণী ভূমিকা চট্টগ্রাম তথা বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোয়েব ফারুকী ,সভাপতি, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি